3 Jul 2026, Fri

ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ১১টি গাছসহ আটক ১

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি বাড়ির আঙিনায় নিষিদ্ধ গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বাড়ি থেকে ১১টি বড় আকারের জ্যান্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আল আমিন বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আল আমিন দীর্ঘদিন ধরে নিজ বাড়ির আঙিনায় গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে ১১টি বড় আকারের জ্যান্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *