6 Jul 2026, Mon

রেমিট্যান্সে চমক, প্রতিদিন আসছে এক হাজার কোটি টাকার বেশি

চলতি জুলাই মাসের প্রথম চার দিনেই দেশে এসেছে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৪ হাজার ৩০৫ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ডলার বা এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স।

রবিবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তবে গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৩৬ কোটি মার্কিন ডলার, যা এবারকার তুলনায় কিছুটা বেশি।

এর আগে, জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

এরও আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হয়। এপ্রিলে রেমিট্যান্স ছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

এদিকে চলতি বছরের মার্চ মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা বজায় থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *