12 Jul 2026, Sun

নরওয়েকে কাঁদিয়ে সেমিতে ইংল্যান্ড

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন জুড বেলিংহাম।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে দারুণ ফিনিশে সমতা ফেরান বেলিংহাম।

তবে এই গোলটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নরওয়ের দাবি, গোলের আগে গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের নেওয়া গোলকিক স্টেডিয়ামের স্কাইক্যামের তারে লেগে নিচে নেমে আসে। সেখান থেকেই বল পেয়ে আক্রমণ গড়ে তোলে ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত গোল করে সমতায় ফেরে। যদিও রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে মর্গান রজার্সের জোরালো শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড ঠিকভাবে তালুবন্দি করতে পারেননি। তাঁর হাত ফসকে বেরিয়ে আসা বল ছয় গজের মধ্যে পেয়ে সহজেই জালে জড়িয়ে দেন বেলিংহাম। সেই গোলই শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেয়।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *