পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছরেরও বেশি সময় পর বিনোদন জগতে নতুন ঝড় তুলেছে তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। বিশ্বজুড়ে বক্স অফিসে সিনেমাটির আয় ইতোমধ্যে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ছাড়িয়েছে। এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে লিয়ন্সগেটের এই চলচ্চিত্রটি।
অ্যান্টোনি ফুকা পরিচালিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসনের। মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের আগে ‘মাইকেল’ আরও বেশ কিছু বড় রেকর্ড ভেঙেছে।
প্রথমে এটি ২০১৮ সালের ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’র ৯১১ মিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে যায়। এর কিছুদিন পরই এটি ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওপেনহাইমার’কে টপকে যায়, যা ৯৭৭ মিলিয়ন ডলার আয় করে এতদিন শীর্ষস্থানে ছিল।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, কোনো স্বাধীন (ইনডিপেনডেন্ট) স্টুডিওর নির্মিত ও পরিবেশিত প্রথম সিনেমা হিসেবে বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের নতুন ইতিহাস তৈরি করলো ‘মাইকেল’। শুরুতে বেশ কয়েকটি বড় স্টুডিও এই প্রজেক্টে অর্থায়ন করতে অস্বীকৃতি জানালেও লিয়ন্সগেট ঝুঁকি নিয়ে ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করে, যা শেষ পর্যন্ত বিশাল ব্যবসায়িক সাফল্যে রূপ নিল।

