কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহীর নওদা পাড়া, শিরোইল বাস টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যায়নি।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে। সোমবার বিকেলে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। ফলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি ভণ্ডুল হয়ে যায়।
বৈঠক থেকে ফিরে শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে গিয়ে চরম উত্তেজনা তৈরি করে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন না করা পর্যন্ত তাৎক্ষণিকভাবে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। তবে দূরপাল্লার বাসগুলো রাজশাহী ফেরা এবং অন্য জেলার বাস রাজশাহী থেকে বের হবার জন্য সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছিলো। ফলে সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে আর কোনো বাস ছেড়ে যায়নি। বাস টিকিট কাউন্টারগুলো অধিকাংশই খোলা রয়েছে। তবে, কখন এই কর্মরিতি প্রত্যাহার হবে তা কেউ বলতে পারেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচন আয়োজন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
তবে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এ সময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়।
বৈঠক শেষে শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে তাৎক্ষণিকভাবে রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। ফলে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা ও আন্তঃজেলা গন্তব্যের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”

