21 Jul 2026, Tue

বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব

বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সর্বোচ্চ দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে আবুধাবিভিত্তিক ইকুইলাইন ফিন্যান্স ও সংযুক্ত আরব আমিরাতের ফামিনাস ইনভেস্টমেন্ট গ্রুপ।

সম্প্রতি সরকারের শীর্ষ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য, বন্দর, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব তুলে ধরে প্রতিষ্ঠানটি।

বৈঠকে প্রতিনিধিদলটি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, গুরুত্বপূর্ণ জ্বালানি সংরক্ষণের জন্য এনার্জি হাব স্থাপন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য বাল্ক ক্যারিয়ার ও কার্গো জাহাজ সংগ্রহ এবং ‘ক্লিন ঢাকা’ প্রকল্পের আওতায় বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাস পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

এছাড়া বর্জ্য পুনর্ব্যবহার করে বিদ্যুৎ, সার ও বায়োগ্যাস উৎপাদন, বর্জ্য পানি শোধন, বন্দর ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, মৎস্য, মাংস ও কৃষিভিত্তিক ভ্যালু চেইনের উন্নয়ন এবং ডেইরি খাত আধুনিকায়নের প্রস্তাবও তুলে ধরা হয়।

প্রতিনিধিদলটি কৌশলগত শস্য সংরক্ষণাগার নির্মাণ, হোটেল ও বিনোদন পার্ক, ডেটা সেন্টার, মিথানল এবং অন্যান্য রাসায়নিক শিল্পে বিনিয়োগের আগ্রহের কথাও জানায়।

বিনিয়োগকারী গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, আমদানিনির্ভরতা কমাতে বিকল্প শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো ও প্রযুক্তির উন্নয়ন, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *