26 Jul 2026, Sun

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

বিশ্বকাপের টানা ব্যস্ততা শেষে বিশ্রামে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের টানা খেলার ধকল কাটাতে আসন্ন এমএলএস অল-স্টার ম্যাচে মাঠে দেখা যাবে না তাকে। একই সঙ্গে এই প্রদর্শনী ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলসহ আরও তিন ফুটবলার।

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে অনুষ্ঠিত হবে এমএলএস অল-স্টারস ও মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারসের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াই। তবে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ মেসির অনুপস্থিতি ইতোমধ্যেই হতাশ করেছে ফুটবলপ্রেমীদের।

বিশ্বকাপ শেষে মেসি সরাসরি ক্লাবে ফিরবেন বলে ধারণা করা হলেও পরে তিনি আলাদা বিমানে নিজ শহর রোজারিওতে যান। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্থানীয় কয়েকটি ম্যাচেও উপস্থিত ছিলেন এই বিশ্বজয়ী তারকা। দীর্ঘ মৌসুম ও বিশ্বকাপের ধকল কাটাতেই এবার বিশ্রামকে প্রাধান্য দিয়েছেন তিনি।

মেসির পাশাপাশি অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন হুগো কুইপার্স, রদ্রিগো দি পল ও এমবেকেজেলি এমবোকাজি। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।

চলতি মৌসুমে ইয়ানিক ব্রাইট দুর্দান্ত ছন্দে রয়েছেন। তার শুরু থেকে খেলা ১২ ম্যাচে ইন্টার মায়ামি পেয়েছে ৯ জয়, দুটি হার ও একটি ড্র। অন্যদিকে আন্দ্রেস কুবাস ১২ ম্যাচে করেছেন তিনটি অ্যাসিস্ট। হিউস্টনের গুইলার্মে নিজের প্রথম মৌসুমেই আট গোল ও পাঁচ অ্যাসিস্ট করে নজর কেড়েছেন। আর ফিলিপ জিঙ্কারনাগেলের ঝুলিতে রয়েছে পাঁচ গোল ও সাত অ্যাসিস্ট।

এদিকে, হুগো কুইপার্স সম্প্রতি মেক্সিকোর ক্লাব মন্টেরেতে যোগ দেওয়ায় অল-স্টার ম্যাচে অংশ নিচ্ছেন না। রদ্রিগো দি পলও বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ সময় খেলার পর বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। আর দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার এমবোকাজি চোটের কারণে ছিটকে গেছেন এই আয়োজন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *