26 Jul 2026, Sun

এশিয়া কাপ: সুপার ফোরে কোন দলের ম্যাচ কবে, কখন

দুবাইয়ে আজ রাতে ভারত-ওমান ম্যাচ দিয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হবে। কিন্তু সবার চোখ এখন সুপার ফোরের দিকে।

কারণ, আজকের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। ভারত সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে আর ওমান অনেক আগেই সুপার ফোরের লড়াই থেকে ছিটকে পড়েছে।

গতকাল রাতে আফগানিস্তানের বিদায়ে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সুপার ফোরে খেলা নিশ্চিত হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গী হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

সেরা চার দল নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। সবাই সবার সঙ্গে একবার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

আগামীকাল (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম দিনেই খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

লিটন-নাসুম-মোস্তাফিজদের পরের দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে। ২৪ সেপ্টেম্বর রাতে সূর্যকুমার-পান্ডিয়া-বুমরাদের মুখোমুখি হওয়ার পরদিনই সালমান-ফখর-আফ্রিদিদের বিপক্ষে লড়তে হবে।

গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে হলেও সুপার ফোরের ম্যাচগুলো হবে দুবাইয়ে। এই পর্বে আবুধাবিতে একটিমাত্র ম্যাচ—২৩ সেপ্টেম্বর খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হবে ভারত–পাকিস্তান
২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হবে ভারত–পাকিস্তানছবি: এএফপি

এর আগেই পাকিস্তানকে আরও বড় পরীক্ষা দিতে হবে। ২১ সেপ্টেম্বর আবারও ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সুপার ফোরের শেষ ম্যাচটা ২৬ সেপ্টেম্বর, মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *