আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের ম্যাপস সার্ভিসে আগামী বছর বিজ্ঞাপন চালুর পরিকল্পনা করছে। এ খবর নিশ্চিত করেছেন ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান, যিনি আগেও এমন ধারণা প্রকাশ করেছিলেন। অ্যাপলে বিজ্ঞাপন চালু হলে হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান অর্থ প্রদানের মাধ্যমে তাদের অবস্থান বা লোকেশন অ্যাপল ম্যাপসে আরও স্পষ্টভাবে প্রদর্শন করতে পারবে। পাশাপাশি, সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক রাখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হবে। অ্যাপলের জন্য চ্যালেঞ্জ হলো, জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে আছে গুগল ম্যাপস। তবে আয়ের নতুন উৎস হিসেবে অ্যাপল এই উদ্যোগের মাধ্যমে আইওএস প্ল্যাটফর্ম থেকে উপার্জন বাড়াতে চাইছে। গারম্যানের মতে, ম্যাপসের পর আরও অন্যান্য অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন যুক্ত করার সম্ভাবনা রয়েছে, তবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। অ্যাপল তাদের আইওএস প্ল্যাটফর্ম থেকে উপার্জন বাড়াতে পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ম্যাপস সার্ভিসে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে।

