১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

ঢাকাকে আজ ছাড়িয়ে গেছে দেশের এই শহরগুলোর দূষণ

বায়ুদূষণ শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়, এ দূষণ ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে, কোনো কোনো দিন ঢাকার চেয়ে দেশের অনেক বিভাগীয় এবং জেলা এমনকি উপজেলা শহরে দূষণের মাত্রা বেশি থাকে। যেমন আজ বৃহস্পতিবারে দেশের অন্তত চারটি স্থানে বায়ুর মান ঢাকার চেয়ে অনেক খারাপ। এর মধ্যে যেমন বিভাগীয় শহর আছে, আছে ঢাকার আশপাশের জনপদ এমনকি ঢাকা থেকে অনেক দূরের দেশের উত্তরাঞ্চলের এলাকাও।

বায়ুদূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে শীর্ষে আছে কায়রো। আর রাজধানী ঢাকা আজ সকাল ১০টার দিকে ছিল ১১তম স্থানে। বায়ুর মান ছিল ১৬১। বায়ুর এই মানকে ‘ অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

বায়ুর মান ২০০-এর বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ। চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন ঢাকার বায়ুর মান খুব অস্বাস্থ্যকর থাকছে।

ঢাকার চেয়ে বেশি দূষণ যেসব এলাকায়

আজ সকালে উপকূলীয় এলাকা খুলনার দুষণের মাত্রা ২২৪। ঢাকার পাশের জেলা গাজীপুরের বায়ুর মান ২১৫। আর ঢাকার পাশের সাভারের বায়ুর মান ১৭৮। শুধু ঢাকার আশপাশে নয় উত্তরের জেলা রাজশাহীতে আজ বায়ুর মানও ঢাকার চেয়ে বেশি, ১৭৬।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটি শুধু যে ঢাকায়, তা নয়; সারা দেশে। কোনো কোনো দিন ঢাকাকে ছাপিয়ে যাচ্ছে দেশের অন্যান্য শহরের বায়ুদূষণ। যেমন আজ।

ঢাকার ২ স্থানের বায়ুর মান খুব অস্বাস্থ্যকর

আজ সকালে ঢাকার ২ স্থানে বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। স্থানগুলো হলো দক্ষিণ পল্লবী (২২৭) এবং কল্যাণপুর (২০৮)।

চলতি মাসের মাঝামাঝি থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *