১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

এবারের অ্যাশেজে ইংল্যান্ড সম্ভবত নিজেদের সেরা দিনটা কাটাচ্ছে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিয়েছে বেন স্টোকসের দল। বক্সিং ডে টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার এখন ১৭৫ রান। পার্থ টেস্টের মতো এই টেস্টও দুইদিনে শেষ হতে পারে, কারণ দ্বিতীয় দিনে খেলা বাকি এখনো ৫৪ ওভার (দিন প্রতি ৯০ ওভার হিসাবে)।

মেলবোর্নে সর্বনিম্ন রান ডিফেন্ড করার রেকর্ড ভারতের। ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য দিয়ে জিতেছিল ভারত, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল ৮৩ রানে।

মেলবোর্নের উইকেটের যে অবস্থা, তাতে আজও ইংল্যান্ডের কাজটা কঠিন হতে যাচ্ছে। প্রথম ইনিংসে তো ইংলিশরা গুটিয়ে গিয়েছিল ১১০ রানে। তবে ছোট লক্ষ্য পাওয়ার বড় সুবিধা হলো, একটা ৬০৭০ রানের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ইংল্যান্ড দলে এমন ক্রিকেটারের অভাব নেই। কিন্তু পারবেন তো?

পারলে অস্ট্রেলিয়ার মাটিতে ২০১১ সালের পর প্রথম টেস্ট জিতবে ইংল্যান্ড। এই টেস্টের আগে দলটি অস্ট্রেলিয়ায় ১৮ টেস্ট জয়হীন, হেরেছে ১৬টিতে।

আজ সকালের সেশন এবং তারপর কিছু সময়ের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডের সামনে সেই সুযোগ এনে দিয়েছেন বোলাররা। ইংলিশ পেসার ব্রাইডন কার্স উইকেট নিয়েছেন ৪ উইকেট, অধিনায়ক বেন স্টোকস ৩টি। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া জশ টাং উইকেট নিয়েছেন ২টি, আর চোটের কারণে মাঠ ছাড়া পেসার গাস অ্যাটকিনসন ১ উইকেট নেন।

বিনা উইকেটে ৪ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া দলীয় ২২ রানে হারায় প্রথম উইকেট। কাল দিনের শেষ ওভার সামলাতে স্কট বোল্যান্ডকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। ওপেনার বোল্যান্ডের ইনিংস শেষ হয় ৬ রানে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনে খেলা জ্যাক ওয়েদারাল্ড, তাঁকে ৫ রানে ফেরান স্টোকস। লাবুশেন আবার ব্যর্থ, টাংয়ের বলে আউট হয়েছেন ৮ রানে।

ওপেনার ট্রাভিস হেড ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন। দলীয় ৮২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কার্সের বলে ফেরেন তিনি। এরপর উসমান খাজা, অ্যালেক্স ক্যারিরাও ব্যর্থ। অধিনায়ক স্টিভ স্মিথ এক পাশে পড়েছিলেন, কিন্তু কঠিন উইকেটে অন্যরা সমর্থন দিতে পারেননি। স্মিথ অপরাজিত ছিলেন ২৪ রানে। হেড, স্মিথ ছাড়া এই ইনিংসে দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু ক্যামেরন গ্রিন, ১৯ রান।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ১৫২ ও ১৩২ (হেড ৪৬; স্মিথ ২৪*; কার্স ৪/৩৪, স্টোকস ৩/২৪)

ইংল্যান্ড: ২৯. ৫ ওভারে ১১০ (ব্রুক ৪১, অ্যাটকিনসন ২৮: নেসার ৪/৪৫, বোল্যান্ড ৩/৩০)।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *