১১ ফেব্রু ২০২৬, বুধ

ভেনেজুয়েলা আমাদের এলাকা: ট্রাম্প

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে তুলে আনার পর দেশটিকে নিজেদের এলাকা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ও জাতি গঠন (নেশন বিল্ডিং) নিয়ে তার আগের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মনরো ডকট্রিন অনুযায়ী ‘এটা আমাদের এলাকা’।

তিনি আরও বলেন, ‘আমাদের আশপাশের দেশগুলো যেন টেকসই ও সফল হয়-এটাই আমাদের কাজ, আর যেখানে তেল আছে, সেখানে যেন তা অবাধে উত্তোলন করা যায়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলাকে আবার ‘ফিরিয়ে আনতে’ হবে। একইসঙ্গে দেশটিকে তিনি ‘মৃত’ বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট বলেন, ‘অবকাঠামো ফিরিয়ে আনতে তেল কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগ দরকার হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজে কিছুই বিনিয়োগ করবে না, তবে যুক্তরাষ্ট্র ‘দেশটির দেখভাল করবে’ এবং ‘মানুষদেরও ভেনেজুয়েলানসহ… যারা নিজের দেশ ছেড়ে এসে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন।’

আলাপকালে নিকোলাস মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের বাকি সদস্যরা দেশটিকে ‘সুসংগঠিত’ করার প্রচেষ্টায় সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয়বার হামলা চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে

নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে

তথ্যসূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *