১১ ফেব্রু ২০২৬, বুধ

মোহাম্মদপুরে অভিযান, অস্ত্র–মাদকসহ আটক ৬: সেনাবাহিনী

রাজধানীর মোহাম্মদপুরের সুনিবিড় হাউজিং ও জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র–মাদকসহ ছয়জনকে আটক করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

গতকাল বুধবার মধ্যরাতে অভিযান শুরু হয়। শেষ হয় আজ বৃহস্পতিবার ভোরে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ও মোহাম্মদপুরের বছিলা সেনা ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ব্যক্তির হলেন মাহবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫)।
বছিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুনিবিড় হাউজিং এলাকায় কিছু মাদক কারবারি গোপন বৈঠক ও মাদক লেনদেন করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত একটার দিকে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এলাকাটিতে অভিযান চালায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩০টি ইয়াবা বড়ি, ৩৯টি সিম কার্ড ও দুটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
আজ সেনা ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক এই ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর চারটায় জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান চালায় সেনাবাহিনী। সেনা দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাসার ছাদ দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ইয়াবা বড়ি, ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন ও এক বোতল বিদেশি মদ। এ ছাড়া উদ্ধার করা হয় মাদকের ওজন মাপার একটি যন্ত্র ও মাদক বিক্রির ২ লাখ ১৫ হাজার টাকা। সেখান থেকে পাঁচটি সিসিটিভি ক্যামেরাও জব্দ করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাসহ সন্ত্রাস–মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *