চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের পরিত্যক্ত গর্তের ৩০ ফুট নিচে পড়ে মিসবাহ নামে চার বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের পরিত্যক্ত খোলা গর্তে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় রাত ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করে। এরপর দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি।
উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের ইনচার্জ জসিম উদ্দিন জানান, আমরা জীবিত উদ্ধার করতে না পারায় মর্মাহত। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম জানান, বিকাল ৫টা ২০ মিনিটের দিকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নলকূপের গর্তের আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাত আটটার দিকে শিশুটিকে উদ্ধার করি।

