নব্বইয়ের দশকের জনপ্রিয় টিন ড্রামা ‘ডসনস ক্রিক’-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা জেমস ভ্যান ডার বিক আর নেই। কোলন ক্যানসারের (অন্ত্রের ক্যানসার) সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ৪৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
সোমবার সকালে তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করা হয়।
পারিবারিক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের প্রিয় জেমস ডেভিড ভ্যান ডার বিক আজ সকালে শান্তিতে বিদায় নিয়েছেন। জীবনের শেষ দিনগুলোতেও তিনি অসীম সাহস, বিশ্বাস এবং মর্যদার পরিচয় দিয়েছেন।
ছয় সন্তানের জনক এই অভিনেতা ২০২৩ সালের শেষ দিকে ক্যানসারে আক্রান্ত হন, তবে ২০২৪ সালের নভেম্বরে তিনি প্রথমবার জনসমক্ষে তার অসুস্থতার কথা জানিয়েছিলেন।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা জনপ্রিয় টিভি সিরিজ ‘ডসনস ক্রিক’-এ ‘ডসন লিরি’ চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান। এ ছাড়াও ১৯৯৯ সালের জনপ্রিয় ছবি ‘ভার্সিটি ব্লুজ’-এ অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। ক্যানসারে চিকিৎসারত অবস্থাতেও তিনি কাজ থামাননি। সম্প্রতি তাকে প্রাইম ভিডিওর কমেডি সিরিজ ‘ওভারকমপেনসেটিং’-এ দেখা গেছে।
অসুস্থতা ধরা পড়ার পর থেকেই জেমস কোলন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ছিলেন।
বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পেটের সমস্যার প্রাথমিক লক্ষণগুলোকে অবহেলা না করার গুরুত্ব কতটা। তিনি বলেছিলেন, যদি আমার অভিজ্ঞতা থেকে অন্য কেউ আগেভাগে সচেতন হতে পারে এবং বেঁচে যায়, তবেই আমার এই কষ্ট সার্থক হবে।
জেমসের মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার সহ-অভিনেত্রী বাজি ফিলিপস, সারাহ মিশেল গেলার, জেনিফার গার্নার এবং অলিভিয়া মুনসহ বহু তারকা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। ‘ডসনস ক্রিক’-এর প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স তাদের শোকবার্তায় জানিয়েছে, ডসন লিরি হিসেবে তার সাবলীল অভিনয় একটি প্রজন্মের টেলিভিশন ভাবনাকে বদলে দিয়েছিল।
অভিনেতার প্রয়াণে তার স্ত্রী কিম্বার্লি এবং সন্তানদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। হলিউড ইউনিয়ন ‘SAG-AFTRA’ তার আন্তরিক অভিনয় ও গভীরতার কথা স্মরণ করে বিশেষ সম্মান জানিয়েছে।
সূত্র: বিবিসি

