১৪ ফেব্রু ২০২৬, শনি

অ্যান্টার্কটিকায় বিরল মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় জ্যোতির্বিজ্ঞানীরা

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিরল এই মহাজাগতিক দৃশ্য জ্যোতির্বিজ্ঞানীদের কাছে রিং অফ ফায়ার বা অগ্নিবলয় নামে পরিচিত। যদিও পৃথিবীর খুব কম মানুষই এই পূর্ণ দৃশ্যটি সরাসরি দেখার সুযোগ পাবেন, তবে এটি দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে, কিন্তু সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতে পারে না, তখনই বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়। যেহেতু চাঁদ এই সময়ে পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে কিছুটা দূরে অবস্থান করে, তাই এটিকে সূর্যের তুলনায় ছোট দেখায়। ফলে সূর্যের মাঝখানটা ঢাকা পড়লেও এর চারপাশ দিয়ে আলোর একটি উজ্জ্বল বৃত্ত ফুটে ওঠে। এটি দেখতে ঠিক একটি জ্বলন্ত আংটির মতো।

টাইম-অ্যান্ড-ডেট ডটকমের তথ্য অনুযায়ী, এই মহাজাগতিক ঘটনার চূড়ান্ত পর্যায় স্থায়ী হবে প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড। গ্রহণটি আন্তর্জাতিক সময় সকাল ৭টা ১ মিনিটে, বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে শুরু হবে। অ্যান্টার্কটিকার কনকর্ডিয়া স্টেশন ও মিরনি স্টেশনে অবস্থানরত বিজ্ঞানীরা এই দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখার সুযোগ পাবেন।

গ্রহণটির মূল পথ অ্যান্টার্কটিকার জনমানবহীন অঞ্চলের ওপর দিয়ে প্রায় ৭৫৯ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত থাকবে। অ্যান্টার্কটিকার বাইরে কেবল আংশিক গ্রহণ দেখা যাবে। আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, বতসোয়ানা, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের কিছু স্থান থেকে এই বিরল দৃশ্যটির আংশিক রূপ দেখা যাবে। উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার অধিকাংশ অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *