‘গ্রে’স অ্যানাটমি’ খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৩ বছর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এরিক ডেনের প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এরিক ডেন দীর্ঘ সময় ধরে এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামক এক জটিল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।
গত বছর তিনি প্রথম তার এই বিরল রোগের কথা সবাইকে জানান। এই রোগের কারণে তিনি তার ডান হাতের কর্মক্ষমতা হারিয়েছিলেন। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি একটি সম্মাননা অনুষ্ঠান থেকেও সরে দাঁড়িয়েছিলেন।
অসুস্থ হওয়ার পর থেকেই এরিক এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং গবেষণার কাজে নিজেকে যুক্ত করেছিলেন।
তিনি মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। এছাড়া ‘ইউফোরিয়া’ সিরিজে তার ক্যাল জ্যাকবস চরিত্রটিও ব্যাপক প্রশংসিত হয়। কাকতালীয়ভাবে, তার শেষ কাজগুলোর একটিতে তিনি এএলএস আক্রান্ত একজন অগ্নিনির্বাপক কর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন।

