ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ ডায়েট প্লান অনুস্মরণ করা উচিত। খুব কম খাবার খেলেও যেমন বিপদ তেমনি বেশি খেলেও বিপদ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময়ের পরিবর্তন, ওষুধের সময়সূচি ওলটপালট হওয়া এবং ইফতারে হঠাৎ অতিরিক্ত খাবার খাওয়ার ফলে রমজানে ডায়াবেটিস রোগীর ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময়টায় রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুষম পুষ্টি এবং নিয়মিত পর্যবেক্ষণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সেহরিতে ভাজা-পোড়া, চর্বিযুক্ত এবং অতিরিক্ত মসলাদার খাবার এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছেন। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার কঠোরভাবে এড়িয়ে চলতে হবে, কারণ এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। কৃত্রিম মিষ্টির বিকল্প হিসেবে প্রাকৃতিকভাবে স্টেভিয়া পাতা গুঁড়ো করে পানীয়তে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
রমজানে ঘনঘন রক্তে শর্করা পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে সেহরির পর, ইফতারের আগে এবং ইফতারের পরে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা উচিত। নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমেই একজন রোগী তার শারীরিক অবস্থা বুঝতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

