সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, অর্থপাচার, অন্যান্য দুর্নীতিসহ এক ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে দুদক এসব অভিযোগ যাচাই-বাছাই করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানতে চাইলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘দুদকে যেকোনো অভিযোগ এলে তা যাচাই-বাছাই কমিটি দ্বারা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ১০০ মার্কের মাকিং করা হয়। কোনো অভিযোগ ৮০ মার্ক পেলে তা পরবর্তী সময়ে অনুসন্ধানের জন্য গৃহীত হয়।’
নাম প্রকাশে অচ্ছুিক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে। এক ডজনের বেশি দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে দুদকে জমা পড়েছে। অভিযোগগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এসব অভিযোগ অনুসন্ধানযোগ্য হলে তা অবশ্যই অনুসন্ধান করা হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নন। দুদকের যাচাই-বাছাই কমিটি রয়েছে। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে।’
আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির যত অভিযোগ : সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের এক ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুদকে। এসব অভিযোগের মধ্যে রয়েছে—মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। অভিযোগে বলা হয়, আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এর মধ্যে রয়েছে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই ও বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে। পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পেয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। কিন্তু আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন।
গান বাংলা টেলিভিশনের তাপসের জামিনেও বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে। একইভাবে আসিফ নজরুল ক্ষমতার ১৮ মাসে টাকার বিনিময়ে বহু জামিন বাণিজ্য করেন।
আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নে দুর্নীতির অভিযোগও আনা হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল ৫০ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একইভাবে সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। আবার তাঁর বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও জমা পড়েছে দুদকে।

