পাকিস্তান সুপার লিগের একাদশ মৌসুমে ডাক পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আসছে মৌসুমে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। এর আগে একই দলে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানা।
সোমবার সামাজিক মাধ্যমে শরিফুলের সরাসরি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে জালমি। দলটি এক্স-এ লিখেছে, ‘ইয়েলো স্টর্ম তোমার আগমনে আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত।’
২৪ বছর বয়সী এই পেসার বাংলাদেশের তিন ফরম্যাটের নিয়মিত সদস্য। সম্প্রতি চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। জানুয়ারির শেষে সমাপ্ত বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি। ৫.৮৪ ইকোনমিতে ২৬টি উইকেট নিয়েছেন, যা বিপিএলের এক মৌসুমে একক সর্বোচ্চ।
তবে এত ভালো পারফরম্যান্সের পরেও গত মাসের পিএসএলের প্রথমবারের নিলামে শরিফুলের নাম ওঠেনি। পরে সরাসরি চুক্তিতে জালমিতে আসার সুযোগ পান।
নিলামে বাংলাদেশ থেকে কেনা হয়েছিলেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নাহিদ ও ইমন প্রথমে বিক্রি না হলেও পরে ৬০ লাখ পাকিস্তানি রুপি বেস প্রাইসে দল পেয়ে যান। মোস্তাফিজুর লাহোর কালান্দার্সে সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে যোগ দিয়েছেন। ইমনও একই দলে খেলবেন। রিশাদ খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে।

