১৯ মার্চ ২০২৬, বৃহঃ

বাবার সামনে বজ্রপাতে প্রাণ হারাল ছেলে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর একটি খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা জনারদনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জনারদন তার ছেলে ঠাকুর চাঁন ও আরও দুইজনকে নিয়ে ছোট ফেনী নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রবিউল হোসেন বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার সময় নদী বা খোলা স্থানে না যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *