অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দিনগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে করাতিপাড়া পর্যন্ত থেমে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।
গাজীপুরের টুঙ্গি থেকে আসা সবুজ মিয়া বলেন, গত রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি। রোদ ও গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
নারীযাত্রী রেহেনা বেগম বলেন, আমি রাজশাহী যাবো। চন্দ্রার পর থেকে যানজট। একটু যায়, আবার আটকে যায়। এভাবে ৮ ঘণ্টায় টাঙ্গাইল আসলাম।
আরেক যাত্রী খোরশেদ মিয়া বলেন, কোনো বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিনগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। রোদে কষ্ট হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে ধীর গতি রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

