২১ মার্চ ২০২৬, শনি

ক্লাবের হয়ে মাঠে ফেরার পর জাতীয় দলেও রদ্রিগেস

বিশ্বকাপের কয়েক মাস আগে ঠিকানাবিহীন হয়ে পড়ায় এবং ম্যাচ খেলার ঘাটতি তৈরি হওয়ায় বৈশ্বিক আসরে হামেস রদ্রিগেসের খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে অনিশ্চয়তার কালো মেঘ কেটে গেল দ্রুতই। নতুন ক্লাবের হয়ে মাঠে ফেরার পর, জাতীয় দলেও আছেন কলম্বিয়ান এই মিডফিল্ডার।

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য প্রস্তুতিপর্বের শেষ ধাপে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে কলম্বিয়া, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য রদ্রিগেসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছেন কোচ নেস্তর লরেন্সো।

তাক লাগানো পারফরম্যান্সে ২০১৪ সালে গোল্ডেন বুট জয়ী এই তারকা অবশ্য ক্যারিয়ারের সেরা সময় অনেক আগেই পেছনে ফেলে এসেছেন। তবে ২০২৪ এর কোপা আমেরিকায় চমৎকার পারফরম্যান্স উপহার দেন রেয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। অসাধারণ পারফরম্যান্সে দলকে ফাইনালে তুলে জিতে নেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার।

কিন্তু এরপর আবার তার ক্যারিয়ার দিক হারায়। ছন্দহীন পথচলায় বিশ্বকাপের বছরে এসে মেক্সিকান ক্লাব লেওন ছাড়ার পর, খুঁজে পাচ্ছিলেন না জুতসই কোনো ক্লাব। এই সময়ে তিনি মনোযোগ দেন ফিটনেস ধরে রাখায়। এরপর পেয়ে যান মনমতো ক্লাবও; গত ফেব্রুয়ারিতে যোগ দেন মেজর লিগ সকারের দল মিনেসোটা ইউনাইটেডে।

তাতে নতুন গতি পায় রদ্রিগেসের ক্যারিয়ারে। ক্লাবের হয়ে মাঠে নামার পর, সব শঙ্কা কাটিয়ে এবার জাতীয় দলেও জায়গা ধরে রাখলেন তিনি। শুধু তাই নয়, দলের নেতৃত্বেও তিনি। ক্লাব ফুটবলে আশানুরূপ পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড লুইস দিয়াস ও স্পোর্তিং লিসবনের ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

কলম্বিয়ার আসছে দুই প্রীতি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। আগামী ২৬ মার্চ অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা, এর তিন দিন পর ওয়াশিংটনে রদ্রিগেসরা খেলবেন ফ্রান্সের বিপক্ষে। আর বিশ্বকাপে কলম্বিয়ার যাত্রা শুরু হবে আগামী ১৭ জুন, উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘কে’ গ্রুপের অন্য দুটি দল হলো পর্তুগাল ও আন্ত:মহাদেশীয় বাছাই পেরিয়ে আসা একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *