অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সাউথ ওয়েস্ট সিডনির ভিক্টোরিয়া পার্কে এ জামাতের আয়োজন করা হয়।
জামাতে পাঁচ হাজারেরও বেশি মুসল্লি অংশ নেন, যা মুসলিম ঐক্যের এক মহামিলনে পরিণত হয়। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর।
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, ম্যাককুয়ারি ফিল্ডসের সংসদ সদস্য ও নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী অনুলাক চান্থিভং, লেপিংটনের সংসদ সদস্য নাথান ম্যাথিউ হ্যাগার্টি, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারণ সম্পাদক সদিকুর খান মুন মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। নামাজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

