আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচে দারুণ লড়াই উপহার দেয় দুই দল।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন রাফিনহা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বলের দখল ও আক্রমণে নিয়ন্ত্রণ নিতে শুরু করে ফ্রান্স।
৩২তম মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তার এই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ফরাসিরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না তারা। এর মাঝেই ৫৫তম মিনিটে নাটকীয় এক সিদ্ধান্ত আসে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েজলিকে ফাউলের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখানো হয় ফ্রান্সের ডায়ট উপামেকানোকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স।
একজন কম নিয়ে খেললেও ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ায় ফ্রান্স। মাইকেল ওলিসের চমৎকার থ্রু পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন একিটিকে।
৭৮তম মিনিটে ব্যবধান কমায় ব্রাজিল। ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে ক্যাসিমিরোর কাটব্যাক থেকে নেওয়া শটে মাঝপথে দিক পরিবর্তন করে বল জালে জড়ান ব্রেমার।
শেষ দিকে একের পর এক আক্রমণে ফ্রান্সকে চাপে রাখে ব্রাজিল। তবে কাঙ্ক্ষিত সমতা ফেরাতে না পারায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

