৬ এপ্রি ২০২৬, সোম

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ , নিহত ৩

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারে বাস-ট্রাকের সংঘর্ষে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবুবক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহীর চারঘাট এলাকার শিমুল নাহার (২০)।

গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এসএম শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়। পরে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *