আবহাওয়া পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে শুরু হয়েছে হাম আর চিকেন পক্স। এ রোগের প্রার্দুভাব বেশ জোরালো দেখা যাচ্ছে। প্রতিদিনেই হাম ও চিকেন পক্সের কারণে শিশুমৃত্যুর দুঃসংবাদ পাওয়া যাচ্ছে। এ রোগের প্রকোপ অনেকটা বেড়ে গেছে। বিশেষ করে শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এই সময়ে সুস্থ হতে ওষুধের চেয়ে মা-বাবার উচিত শিশুর সঠিক খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া।
এই সময়ে ঘন ঘন জ্বর আর সারা গায়ে অস্বস্তিকর র্যাশ বের হলে শিশু ভীষণ দুর্বল হয়ে পড়ে। তাই শিশুকে শুধু ফলের রস না খাইয়ে মৌসুমি সবজি দিয়ে তৈরি পুষ্টিকর স্যুপ খাওয়ানো যেতে পারে। সোনা মুগ ডাল, গাজর ও পেঁপে সেদ্ধ করে তাতে সামান্য ঘি মিশিয়ে দিলে শরীরে প্রোটিনের চাহিদা মেটাবে।
কারণ হাম কিংবা চিকেন পক্স হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও তরল বেরিয়ে পানিশূন্যতা তৈরি হয়। সে কারণে ভাইরাসের প্রকোপে শিশুর শরীরে ভিটামিন এ, সি, জিঙ্ক ও প্রোটিনের প্রবল ঘাটতিও দেখা দিতে পারে। এর ফলে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমে যায়।
আর শিশুর শরীরে ভিটামিন ‘সি’র চাহিদা পূরণে শিশুকে নিয়মিত কমলালেবু, মুসাম্বির রস কিংবা পেয়ারা খাওয়ানো ভীষণ প্রয়োজন। ভিটামিন ‘এ’র ঘাটতি মেটাতে এবং চোখের সংক্রমণ কমাতে খাদ্যতালিকায় গাজর, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে ও পালংশাকের মতো খাবার রাখতে হবে।
কারণ শিশুর অসুখের সময়ে অরুচি হয়। এ সময় জোর করে ভাত না খাইয়ে পাতলা করে দুধ-সুজি কিংবা সাবুদানার খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। ওটস বা সবজি দিয়ে ডালিয়াও এ সময়ে শিশুর জন্য বেশ উপকারী। দুপুরের দিকে ভাত আর ডাল-সবজি খাওয়ালে বিকাল কিংবা সন্ধ্যায় আম বা আপেল সেদ্ধ চটকে দিতে পারেন।
আর শিশু যদি দুধ খেতে না চায় কিংবা তার দুধে অ্যালার্জি থাকে, তাহলে বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের বাদাম খাওয়ানো যেতে পারে। আখরোট, কাঠবাদাম কিংবা কাজুবাদাম শিশুর শরীরে ক্যালসিয়ামের অভাব মেটাতে সাহায্য করে।
শিশুর খাবারে প্রোটিন নিশ্চিত করতে ছোট মাছ কিংবা জ্যান্ত জিওল মাছ খাওয়ানো ভালো। শিং বা মাগুর মাছ থেকে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে, সেই সঙ্গে তার শরীরের দুর্বলতাও দ্রুত কেটে যাবে। তবে এটা ঠিক—মাছ, মাংস কিংবা ডিম সব কিছু শিশুকে একদিনে খাওয়ার চেষ্টা করবেন না। খাবারের তালিকায় বৈচিত্র্য আনতে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেতে দিন।

