দেশে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যুর কারণ হাম বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিশ্চিতভাবে হামে মারা যাওয়া দুই শিশু ঢাকা বিভাগের বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে ৭৬ জনই ঢাকা বিভাগের। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে চারজন এবং চট্টগ্রাম বিভাগে দুজন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু, যার মধ্যে ঢাকা বিভাগেই ২৭৪ জন। তুলনামূলকভাবে কম ভর্তি হয়েছে রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ১৭ জন। এই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭১৩ জন শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, রাজশাহীতে ১২ জন এবং চট্টগ্রাম ও খুলনায় ১০৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১৭ হাজার ২৪ জন, যাদের মধ্যে ১০ হাজার ৯৫৪ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম নিশ্চিত হয়েছে এবং চিকিৎসা শেষে ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

