১৮ এপ্রি ২০২৬, শনি

থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভিনয় ছেড়ে থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ গঠনের ঘোষণা দেন। সেই সময় তিনি জানিয়েছিলেন— অভিনয়ের চেয়ে এখন থেকে জনসেবা ও রাজনীতিতেই বেশি সময় দেবেন তিনি। সেই মোতাবেক আসন্ন তামিলনাড়ু নির্বাচনে তার দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয়। তবে তার শেষ সিনেমা ‘জন নায়াগান’ এখনো মুক্তি পায়নি। যদিও সিনেমাটি অন্তর্জালে লিক হয়ে গেছে।

তবে সিনেমা ছেড়ে রাজনীতিতে আসার সময়টা ভালো যাচ্ছে না এ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতার। কিছু দিন আগে তার আসন্ন সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্টে পাইরেসি হয়। এমন দুঃসময়ের মাঝে আইনি বিপাকে জড়িয়ে পড়েন বিজয় থালাপতি। তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।

জানা গেছে, আসন্ন নির্বাচন সামনে রেখে অনুমতি ছাড়া বিশাল জনসভা ও র্যালি করার অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। তবে সেই কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশি অনুমোদন নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এ র্যালির কারণে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়।

সে কারণে নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগে চেন্নাইয়ের মাম্বালাম পুলিশ অভিনেতা এবং তার দলের নেতা এন আনন্দের নামে মামলা করেছে। সেই মামলায় তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় বেআইনি সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

দেখা গেছে, র্যালির সময় থালাপতি বিজয় একটি হুডখোলা গাড়িতে চড়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন, যার অনেক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজার হাজার ভক্ত ও আলোকসজ্জার কারণে ওই এলাকায় দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *