রাতে ঠিকমতো ঘুম না হলে মানসিক চাপ বাড়ে, রক্তচাপও হয় ঊর্ধ্বমুখী। এই সমস্যাগুলো শুধুমাত্র অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের জেরেই হচ্ছে এমন না, বরং দেহে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলেও এই সব সমস্যায় আমরা ভুগতে পারি।
একাধিক গবেষণায় দেখা গেছে, যাদের খাদ্যতালিকায় পর্যাপ্ত ম্যাগনেশিয়াম থাকে তাদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কম। অনিদ্রা, মানসিক অবসাদ, হৃদরোগের মতো একাধিক সমস্যার পিছনে দায়ী হতে পারে দেহে এই ম্যাগনেশিয়ামের ঘাটতি।
ভিটামিন ডি আর আয়রনের পাশাপাশি ম্যাগনেশিয়ামের চাহিদাও ব্যাপক। এই মিনারেল রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পেশির স্বাস্থ্য বজায় রাখতে ম্যাগনেশিয়াম প্রয়োজন। এমনকি ঘুমের সমস্যা দূর করতে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতেও এর গুরুত্ব অপরিসীম। অথচ বেশিরভাগ মানুষের দেহে এই পুষ্টির ঘাটতিই সবচেয়ে বেশি থাকে।
বয়স ও লিঙ্গ অনুযায়ী আমাদের দেহে ম্যাগনেশিয়াম গ্রহণের মাত্রা ভিন্ন হতে পারে। ১৯ থেকে ৩০ বছর বয়সি মহিলাদের প্রতিদিন ৩১০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম দরকার। গর্ভবতী হলে ৩৫০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম প্রয়োজন। ৩১ বছর বা তার বেশি বয়সি মহিলাদের দৈনিক হলে ৩২০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম দরকার।
পুরুষদের ক্ষেত্রে, ১৯ থেকে ৩০ বছর বয়সিদের প্রতিদিন ৪০০ মিলিগ্রাম এবং ৩১ বছর বা তার বেশি বয়সিদের ৪২০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম দরকার।
ম্যাগনেশিয়ামের ঘাটতি যেভাবে মেটাবেন
সব সময়ে যে সাপ্লিমেন্টের মাধ্যমেই ম্যাগনেশিয়ামের ঘাটতি মেটাতে হবে, এমনটা নয়। রোজের খাদ্যতালিকায় ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার রেখেও এই মিনারেলের ঘাটতি মেটানো সম্ভব। তবে অনিদ্রা, মানসিক চাপ এবং অন্যান্য রোগের ক্ষেত্রে চিকিৎসকেরা ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট বা ম্যাগনেশিয়াম রয়েছে এমন ড্রাগ নেওয়ার পরামর্শ দেন।
যেসব খাবার ম্যাগনেশিয়ামের ঘাটতি মেটাবে
ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ উৎস হলো কুমড়োর দানা। ১ আউন্স কুমড়োর দানায় ১৫০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে। এটি দৈনিক চাহিদার ৩৭% পূরণ করে।
১ আউন্স চিয়া সিডসে ১১১ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাবেন। ১ মুঠো আমন্ডে ৮০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায়। কাজুতেও ৭৪ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম মেলে। ১/৪ কাপ চিনেবাদামে ৬৩ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাবেন।
সিদ্ধ করা ১/২ কাপ পালং শাকে ৭৮ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায়। ১ কাপ সয়ামিল্কে ৬১ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাবেন। এই সব খাবার ঘুরিয়ে ফিরিয়ে খেলেই শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি মিটবে।

