২৭ এপ্রি ২০২৬, সোম

চাদে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৪২, আহত ১০

পূর্ব চাদের ওয়াদি-ফিরা প্রদেশের ইগোটে গ্রামে সাম্প্রদায়িত সহিংতায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার এ তথ্য জানিয়েছে চাদিয়ান প্রেস অ্যান্ড পাবলিশিং এজেন্সি।

সিনহুয়া জানায়, শনিবার একটি পানির উৎসকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে তর্ক-বিতর্কের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা পরে দুই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে চাদের উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাত বলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”

তিনি আরও জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি “নিয়ন্ত্রণে রয়েছে।”

চাদে এ ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ নতুন নয়; অধিকাংশ ক্ষেত্রেই জমি বা প্রাকৃতিক সম্পদ নিয়ে বিরোধ থেকেই এসব সহিংসতার সূত্রপাত ঘটে।

সূত্র: সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *