৮ ফেব্রু ২০২৬, রবি

নিলামের আগেই পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

পিএসএল নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের দলটি আজ সামাজিক যোগাযোগমাধ্যমবার্তায় জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা।

নিয়মানুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রেও অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। লাহোর জানিয়েছে, মোস্তাফিজের সঙ্গে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
পাকিস্তানের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল এবার ১১তম আসরে পা রাখছে। আগের ১০ বার ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হলেও এবারই প্রথম নিলাম হবে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম থেকে খেলোয়াড় দলগুলো। গত আসরের দলগুলোর সঙ্গে এবার ২টি বেড়ে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি পিএসএলে লড়বে।

বাংলাদেশের মোস্তাফিজ ২০১৭–১৮ মৌসুমেও পিএসএলে লাহোরের হয়ে খেলেছিলেন। দলটি মোস্তাফিজের এবারের অন্তর্ভূক্তিকে উল্লেখ করেছে ‘পরিবারে ফেরা’ বলে।
মোস্তাফিজের এ বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল। ডিসেম্বরে অনুষ্ঠিত নিলাম থেকে কলকাতা তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি ভারতীয় বোর্ড বিসিসিআই তাঁকে আইপিএল থেকে অব্যাহতি দেয়।

এর জেরে বাংলাদেশ সরকার নিরাপত্তাশঙ্কায় ভারতে বিশ্বকাপের দল পাঠাতে অস্বীকৃতি জানায়। ভেন্যু স্থানান্তরের অনুরোধ করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়। অতীতে ভারতের নিরাপত্তাশঙ্কায় আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছিল উল্লেখ করে পাকিস্তান সরকার এরই মধ্যে বিশ্বকাপে ভারত–ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।

যাঁকে কেন্দ্র করে টি–টুয়েন্টি বিশ্বকাপের এই সংকট, সেই মোস্তাফিজকেই আজ দলে নেওয়ার খবর দিল লাহোর। পিএসএলের ১১তম আসর ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে শেষ হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *