১৪ মে ২০২৬, বৃহঃ

আমি আ. লীগের সমর্থিত ছিলাম ও এখনো আছি: সিদ্দিক

নিজেকে এখনো আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে নিজেকে পেশাদার রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও মনে করেন তিনি। মঙ্গলবার (১২ মে) এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি— সত্যি কথা যেটা। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম, পাইনি।

তবে মনোনয়নপত্র চাওয়ার বিষয়টি তাকে রাজনৈতিকভাবে দায়বদ্ধ করে না বলে জানিয়েছেন সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, আমি যে দলটির দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম, তাদের দায়ভারটা তো আমার উপরে আসবে না। কারণ ওতপ্রোতভাবে আমি প্রফেশনালি কোনো পলিটিশিয়ান না। তিনি বলেন, দিনশেষে আমি নাট্যকার, অভিনেতা এবং নির্মাতা সিদ্দিকুর রহমান।

দেশের একজন নাগরিক হিসেবে তার মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে বলেও জানান এ অভিনেতা। সিদ্দিকুর রহমান বলেন, আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত না। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না।

তিনি বলেন, আমি কারও কোনো ক্ষতি চাইনি। আমার দ্বারা কারও ক্ষতি হয়নি কিংবা আমি বরং ওই জায়গা থেকে মানবতার সেবক হতে চেয়েছি। সেবকের জায়গা থেকে আমি কথা বলেছি।

আওয়ামী লীগ মনোনয়নপত্র চাওয়া প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, পলিটিক্যাল জায়গা থেকে আমি কথা বলেছি। সেটুকু হলো যে, নমিনেশন পেপার যখন চেয়েছিলাম, আমি সেটার জন্য অনুতপ্ত একটা মাত্র কারণে। সেই কারণ হচ্ছে— ৫ আগস্টের পর আওয়ামী লীগ চলে যাওয়া এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হওয়াকে। তিনি বলেন, যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি যেহেতু তাদের সমর্থিত একটা মানুষ, আমার মনে হয় কার্যক্রম নিয়েও আমার কথা বলা উচিত না।

এ অভিনেতা বলেন, কারণ সেটাও নিষিদ্ধ। অতএব আমি সেই ব্যাপারে তেমন কোনো মন্তব্য করতে চাই না। এটা আসলে যারা প্রফেশনালি রাজনীতি করেন, তাদের জন্য। আমি এখনো প্রফেশনাল রাজনীতিক না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *