27 Jul 2026, Mon

ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে দাপুটে জয় বার্সেলোনার

বার্সেলোনায় হ্যান্সি ফ্লিকের কোচিং ক্যারিয়ারের শততম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আর এই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে আলো কেড়ে নিয়েছেন ১৮ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

ফ্লিকের কোচিং ক্যারিয়ারের শততম ম্যাচে শুরুটা যদিও ধীরগতির ছিল বার্সার। প্রথমদিকে ফারমিন লোপেজের একটি প্রচেষ্টা রক্ষণে আটকে যায়। পাল্টা আক্রমণে ভিয়ারিয়ালও কয়েকবার চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

ম্যাচের ২৮ মিনিটে জমে ওঠে ন্যু ক্যাম্প। লোপেজের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে দীর্ঘ গোলখরা কাটান ইয়ামাল। মাত্র ৯ মিনিট পর আবারও জাদু দেখান তিনি। ডান প্রান্ত থেকে দারুণ স্কিল দেখিয়ে রক্ষণ ভেঙে দূরপাল্লার বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন এই কিশোর ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার আশা জাগায় ভিয়ারিয়াল। সান্তিয়াগো মরিনোর কর্নার থেকে পাপা গুয়ের গোলে ব্যবধান কমে ২-১ হয়। তবে স্বাগতিকদের দাপট থামানো যায়নি।

৬৯ মিনিটে পেদ্রির নিখুঁত অ্যাসিস্ট থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। একবিংশ শতাব্দীতে বার্সেলোনার অন্যতম কনিষ্ঠ হ্যাটট্রিকদাতা হিসেবেও নাম লেখান তিনি। মৌসুমে তার লিগ গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে।

শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে রবার্ট লেভানডোভস্কি জালে বল পাঠালে জয় নিশ্চিত হয় কাতালানদের। অফসাইডের সিদ্ধান্ত থাকলেও ভিএআরের মাধ্যমে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এই জয়ে লিগে নিজেদের শতভাগ ঘরের মাঠের জয়ের ধারাও ধরে রাখলো বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে তারা। সোমবার গেতাফের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদ ক্লাব, যেখানে ব্যবধান কমানোর সুযোগ থাকবে তাদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *