6 Aug 2026, Thu

ইরানকে সরিয়ে বিশ্বকাপে ইতালিকে নেওয়ার প্রস্তাব ট্রাম্পের দূতের

টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে ইতালি। ওদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সংশয় ক্রমেই বাড়ছে। যার ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি এবার বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জাম্পোলি জানান, তিনি সম্প্রতি ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর কাছে এই ধারণাটি তুলে ধরেছেন। তার মতে, ইরানের জায়গায় ইতালি খেললে ‘সবার জন্য ভালো হবে’। তিনি ট্রাম্পকেও একই প্রস্তাব দিয়েছেন বলে জানান।

ইতালিতে জন্মানো জাম্পোলি ১৯৯২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডেনমার্কের উদাহরণ দেন। সেবার যুদ্ধের কারণে যুগোস্লাভিয়াকে বাদ দেওয়ার পর শেষ মুহূর্তে ডেনমার্ককে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘ফুটবল দুই অর্ধের খেলা এবং আমরা সবাই জানি, শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছু শেষ হয় না। ইতিহাস দেখিয়েছে, ৯২ সালের ডেনমার্কের মতো কখনো কখনো ডাক আসে দেরিতে। মনে হচ্ছে, ইতালিকে হয়তো আবার মাঠে ডাকা হতে পারে।’

তবে ফিফা সভাপতি ইনফান্তিনো গত সপ্তাহে ওয়াশিংটনের একটি অর্থনৈতিক ফোরামে স্পষ্ট বলেছেন, বিশ্বকাপে ইরানের জায়গা নিরাপদ। তিনি বলেন, ‘ইরান দল আসছে, এটা নিশ্চিত। আমরা আশা করছি তখন পরিস্থিতি শান্তিপূর্ণ হবে। ইরান তাদের মানুষের প্রতিনিধিত্ব করতে আসতে হবে। তারা যোগ্যতা অর্জন করেছে এবং তারা বেশ ভালো দলও বটে। তারা সত্যিই খেলতে চায় এবং তাদের খেলা উচিত। খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত।’

ডোনাল্ড ট্রাম্প ইরানের অংশগ্রহণ নিয়ে পরস্পরবিরোধী কথা বলেছেন। গত মাসে তিনি ইরানের খেলোয়াড়দেরকে নিজ দেশে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু একই সঙ্গে ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সত্যিই মনে করি না যে তাদের সেখানে থাকাটা উচিত।’ এই ধোঁয়াশার মধ্যেই এবার ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কথা জানালেন তার দূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *