৯ জুন ২০২৬, মঙ্গল

ইরান ও ইসরাইলের হামলা বন্ধের ঘোষণা

ইসরাইল ও ইরানের মধ্যে হামলার ঘটনায় পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সহিংসতা ও পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল।
সোমবার (৮ জুন) এ ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। খবর এএফপির।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, সংঘাত এখন নিয়ন্ত্রণে। এর কয়েক ঘণ্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়।

সোমবার তেহরান আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে ইসরাইল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে বলেও জানায় দেশটি।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছিল।
দুই মাস পর ইসরাইল ও ইরানের পালটাপালটি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় রোববার দিবাগত রাতে। গতকাল সোমবার সকালেও তাদের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত ছিল।

ট্রাম্প ট্রুথ সোশালে বার্তা দিয়ে দুই দেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে চলমান সংঘাত প্রশমনের প্রচেষ্টা নিয়েছিলেন। পরে আরেকটি পোস্টে ট্রাম্প এও বলেন যে, ইরান ও ইসরাইল তাৎক্ষণিকভাবে একটি যুদ্ধবিরতি করার চেষ্টা করছে।

এরপরই ইরান ও ইসরাইলের হামলা আপাতত বন্ধের ওই ঘোষণা এল। এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, ট্রাম্পের অনুরোধে ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *