২৫ এপ্রি ২০২৬, শনি

এমবাপ্পেকে নিয়ে নতুন দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স

ইউরোপের শীর্ষ লিগগুলোতে ২০২৫–২৬ মৌসুমের শেষ পর্যায়ের খেলা চলছে, আর খুব শিগগিরই নির্ধারিত হবে শিরোপাজয়ীদের নাম। এর পরপরই শুরু হবে বিশ্বকাপের লড়াই। এমন গুরুত্বপূর্ণ সময়ে ক্লাব ও জাতীয় দল—দুই দিক থেকেই বড় ধাক্কার শঙ্কা তৈরি হয়েছে কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে।
শুক্রবার লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের শেষ দিকে, ৮১ মিনিটে এমবাপ্পে কিছুটা অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান। তার বদলে মাঠে নামেন গঞ্জালো গার্সিয়া।

ম্যাচ শেষে কোচ আলভারো আরবেলোয়া জানান, এমবাপ্পের চোটের অবস্থা এখনো স্পষ্ট নয়, তবে পরবর্তী কয়েক দিনে বিষয়টি পরিষ্কার হবে।

ইএসপিএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমবাপ্পের বাম হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। সামনে রিয়ালের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ—৩ মে এস্পানিওলের বিপক্ষে এবং এক সপ্তাহ পর বার্সেলোনার সঙ্গে এল ক্লাসিকো—এই ম্যাচগুলোতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করে দারুণ ফর্মে আছেন তিনি।
এদিকে, আসন্ন গ্রীষ্মে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা এমবাপ্পের। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সও সাম্প্রতিক সময়ে খুব ভালো যাচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে তারা জিতেছে মাত্র একটিতে। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। বেটিসের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে থাকলেও যোগ করা সময়ে হেক্টর বেলেরিন গোল করে সমতা ফেরান।

ম্যাচের পর কোচ আরবেলোয়া বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এমন ঘটনা ঘটতেই পারে এবং ভাগ্যও তাদের পক্ষে ছিল না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ব্রাহিম দিয়াজের শটে বেটিসের ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ হাত দিয়ে বল ঠেকালেও রেফারি পেনাল্টি দেননি, যা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *