২২ জুন ২০২৬, সোম

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-সমর্থিত আবেলার্দোর জয়

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থি প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বিজয়ী হয়েছেন। প্রাথমিক ভোট গণনায় এ তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই রাজনৈতিক নবাগত সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রাথমিক ফল অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষে ডি লা এসপ্রিয়েলা পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে বামপন্থি প্রার্থী ইভান সেপেদা পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট।

তবে অল্প ব্যবধানের এই ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সেপেদা পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, চূড়ান্ত যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এই ফল ‘সরকারি বা বাধ্যতামূলক’ নয়।

‘নতুন যুগের সূচনা’

ফল ঘোষণার পর বারানকিয়া শহরে হাজারো সমর্থকের সামনে বিজয় ঘোষণা করেন ডি লা এসপ্রিয়েলা। তিনি বলেন, ‘এটি আমাদের দেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, যা লাখো নাগরিকের স্বাধীন ও গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে গড়ে উঠবে।’
তিনি আরও জানান , ‘যারা তাকে ভোট দেননি, তাদেরও প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন এবং দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

অন্যদিকে ইভান সেপেদা বলেছেন, প্রাথমিক ভোট গণনার ফলকে চূড়ান্ত ফল হিসেবে দেখা উচিত নয়। পূর্ণাঙ্গ গণনা ও যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই ফলাফল স্বীকৃত হবে।

অল্প ব্যবধানের এই ফল কলম্বিয়ায় রাজনৈতিক বিভাজন আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

উদ্‌যাপন ও বিক্ষোভ

বারানকিয়ায় ডি লা এসপ্রিয়েলার সমর্থকেরা জাতীয় পতাকা, ফুটবল দলের জার্সি, আতশবাজি ও সংগীতের মাধ্যমে বিজয় উদ্‌যাপন করেন।

তাদের মধ্যে কেউ কেউ ‘পেত্রো বিদায়’ এবং ‘মাতৃভূমির জন্য দৃঢ় থাকো’ স্লোগান দেন। আবার অনেকে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর আদলে ‘মেক কলম্বিয়া গ্রেট অ্যাগেইন’ লেখা টুপি পরেন।

অন্যদিকে সেপেদার সমর্থকেরা ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে।
যদিও বেশিরভাগ জায়গায় পরিস্থিতি শান্ত ছিল, তবে কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর কালীতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে বিক্ষোভকারীরা মার্কিন পতাকায় আগুন দেয় এবং পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে।

সম্ভাব্য অস্থিরতা ঠেকাতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

ট্রাম্পের প্রতিক্রিয়া

ফল প্রকাশের পর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘তিনি জিতেছেন, বড় ব্যবধানে!’

ট্রাম্প ডি লা এসপ্রিয়েলার অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং আইন-শৃঙ্খলা জোরদারের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।

এ ছাড়া হ্যাভিয়ের মিলেই এবং হোসে আন্তোনিও কাস্তসহ আঞ্চলিক কয়েকজন নেতা এই ফলকে “নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার পক্ষে পরিবর্তন” হিসেবে স্বাগত জানিয়েছেন।

কে এই আবেলার্দো ডি লা এসপ্রিয়েলা?

ডি লা এসপ্রিয়েলা পেশায় একজন আইনজীবী ও ব্যবসায়ী। এর আগে তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না।

তিনি অতীতে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে বিতর্কিত কিছু ব্যক্তির আইনজীবী হিসেবে কাজ করেছেন। তবে তিনি বলেছেন, এটি ছিল তার পেশাগত দায়িত্বের অংশ।

কঠোর নিরাপত্তানীতি ও জনতাবাদী রাজনৈতিক বক্তব্যের কারণে অনেকেই তার সঙ্গে নায়িব বুকেলের সঙ্গে তুলনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *