২৭ মে ২০২৬, বুধ

কাতারের তারকাদের নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

বিশ্বকাপ সামনে রেখে মরক্কো জাতীয় ফুটবল দল ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া দলের নয়জন তারকাকে রেখেই নিজের প্রথম বড় টুর্নামেন্টের দল সাজিয়েছেন নতুন কোচ মোহামেদ ওয়াহবি।

গত মার্চে দায়িত্ব নেওয়ার আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোকে শিরোপা জেতানো ওয়াহবি এবার সিনিয়র দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন। অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দল নিয়ে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস।

২০২২ সালের কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকেই আবারও জায়গা পেয়েছেন এবারের দলে। দলে রয়েছেন গোলরক্ষক ইয়াসিন বুনু, ডিফেন্ডার আশরাফ হাকিমি ও নাইয়েফ আগুয়ের্দ, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতসহ আরও কয়েকজন অভিজ্ঞ ফুটবলার।

দলের সবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। ফ্রান্সের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত মরক্কোকেই বেছে নিয়েছেন তিনি।

কোচ ওয়াহবি বলেন,, “বুয়াদ্দি খুব দ্রুত শেখে এবং তার মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে।”

অভিজ্ঞ ফরোয়ার্ড সোফিয়ান বৌফাল শেষ পর্যন্ত জায়গা পাননি দলে। কোচ জানিয়েছেন, আক্রমণভাগে প্রতিযোগিতা বেশি থাকায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

মরক্কোর বিশ্বকাপ দল

গোলরক্ষক : ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, রেদা তাগনাউতি।

রক্ষণভাগ : নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নাইয়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদ, রেদোয়ানে হালহাল, ইসা দিয়প।

মধ্যমাঠ : সামির এল মুরাবেত, আয়ুব বুয়াদ্দি, নিল এল আইনাউই, সোফিয়ান আমরাবাত, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ইসমাইল সাইবারি।

আক্রমণভাগ : আব্দে এজ্জালজুলি, শেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, গেসিম ইয়াসিন, আয়ুব আমাইমুনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *