১৭ মে ২০২৬, রবি

কেইনের হ্যাটট্রিকে শেষ ম্যাচে বায়ার্নের বড় জয়

বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার লক্ষ্য পূরণ না হলেও মৌসুমের শেষ ম্যাচে দুর্দান্তভাবে বিদায় নিলেন হ্যারি কেইন। লিগের শেষ রাউন্ডে হ্যাটট্রিক করে বায়ার্ন মিউনিখকে বড় জয় উপহার দিলেন ইংলিশ তারকা।

শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় কোলনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। দলের হয়ে বাকি দুই গোল করেন টম বিশফ ও নিকোলাস জ্যাকসন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন। জসুয়া কিমিখের হেড পাস ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন কেইন। মাত্র তিন মিনিট পর দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

পাঁচ মিনিট পর সাইদ এল মালা একটি গোল শোধ করলেও ২২তম মিনিটে টম বিশফ আবারও বায়ার্নকে দুই গোলের ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন। ৬৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কেইন। পরে ৮৩তম মিনিটে নিকোলাস জ্যাকসন দলের পঞ্চম গোলটি করেন।

রবার্ট লেভানদোভস্কির ৪১ গোলের এক মৌসুমের রেকর্ড লক্ষ্য করলেও শেষ পর্যন্ত তা ছুঁতে পারেননি কেইন। তবে এবারের বুন্ডেসলিগায় তার গোলসংখ্যা দাঁড়ায় ৩৬টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে তার গোল ৫৮টি।

মৌসুমজুড়ে দারুণ আধিপত্য দেখালেও বায়ার্ন দলগতভাবে আরও একবার রেকর্ড গড়েছে—লিগে মোট ১২২ গোল করে মৌসুম শেষ করেছে তারা, যা বুন্ডেসলিগার ইতিহাসে সর্বোচ্চ।

টানা দ্বিতীয়বারের মতো ৮৯ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। একই সময়ে শুরু হওয়া শেষ রাউন্ডের ম্যাচে ভার্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারিয়ে ৭৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

লাইপজিগ ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয়, স্টুটগার্ট ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করেছে। হফেনহাইম পঞ্চম এবং বায়ার লেভারকুজেন ষষ্ঠ হয়ে ইউরোপা লিগে খেলবে। সপ্তম হওয়া ফ্রেইবুর্গ খেলবে উয়েফা কনফারেন্স লিগে।

অবনমন হয়েছে ১৭তম স্থানে থাকা হাইডেনহাইম ও ১৮তম স্থানে থাকা সেন্ট পাউলির।

ঘরোয়া ডাবল জয়ের লক্ষ্য নিয়ে আগামী শনিবার জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *