তীব্র গরমে ত্বক হয়ে ওঠে ক্লান্ত, তৈলাক্ত কিংবা শুষ্ক। রোদ, ঘাম ও ধুলোবালির কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। এই সময়ে রাসায়নিক প্রসাধনীর বদলে ঘরোয়া ফেসপ্যাক হতে পারে নিরাপদ ও কার্যকর সমাধান। চলুন জেনে নেওয়া যাক গরমে ত্বকের যত্নে ঘরোয়া ফেসপ্যাকের উপকারিতা-
শসা ও দইয়ের ফেসপ্যাক
গরমে ত্বক ঠান্ডা রাখতে শসা খুবই উপকারী। শসা ব্লেন্ড করে তার সঙ্গে দই মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বককে ঠান্ডা রাখে এবং রোদে পোড়া ভাব কমায়।
মধু ও লেবুর ফেসপ্যাক
এক চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। এটি প্রাকৃতিকভাবে ত্বকের দাগ হালকা করতেও সাহায্য করে।
অ্যালোভেরা ও গোলাপজল
অ্যালোভেরা জেল ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগালে ত্বক থাকে সতেজ ও কোমল। এটি ত্বকের জ্বালা কমাতে বিশেষভাবে কার্যকর।
বেসন ও হলুদের ফেসপ্যাক
বেসনের সঙ্গে সামান্য হলুদ ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ব্রণ কমাতে সাহায্য করে।
টমেটো ও মধুর ফেসপ্যাক
টমেটোর রস ও মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বক টানটান হয় এবং রোদে পোড়া দাগ কমায়।
সপ্তাহে ২-৩ বার এসব ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল। তবে যাদের ত্বক সংবেদনশীল, তারা ব্যবহার করার আগে হাতে অল্প লাগিয়ে পরীক্ষা করে নেওয়াই ভালো।
সূত্র : আনন্দবাজার

