২২ এপ্রি ২০২৬, বুধ

কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা নেই, একই সঙ্গে বাড়ছে গরম। গতকাল পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি। আজও আবহাওয়া আগের মতোই থাকার আভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এদিকে প্রচণ্ড গরম ও তীব্র রোদে জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতাও বাড়ে। তাপে সাধারণ মানুষের জীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বাইরে বের হয়ে কাজ করা এখন দুরূহ ব্যাপার। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এ গরমে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। তবু তারা জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে গরম উপেক্ষা করে কাজে বের হচ্ছে। এর মধ্যে কাজের মধ্যে অনেকের অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। সারা দেশের সাধারণ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাসও রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও কিছু এলাকায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *