28 Jun 2026, Sun

ঘন কুয়াশা ও শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কয়েক দিন ধরেই এই জেলায় সকাল-সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে।

শুক্রবার ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামীকাল থেকে তাপমাত্রা আরো কমতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান।

তিনি বলেন, আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা কমতে থাকবে। ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। এখন কয়েক দিন তাপমাত্রা আরো কমবে। শৈত্যপ্রবাহেরও আশঙ্কা আছে।

এদিকে শীত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এ ছাড়া হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহের তুলনায় শিশুদের ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *