৭ মে ২০২৬, বৃহঃ

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আরেকটি উত্তেজনাপূর্ণ রাত উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই ও বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগ ১-১ গোলে ড্র হলেও দুই ম্যাচ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কেটেছে পিএসজি।
বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ম্যাচের মাত্র আড়াই মিনিটের মধ্যে গোল করে পিএসজিকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। বাঁ দিক থেকে খিচা খাভারেস্খেলিয়ার দারুণ আক্রমণ ও নিখুঁত পাস কাজে লাগিয়ে সহজ ফিনিশে গোল করেন তিনি।

শুরুর ধাক্কার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বায়ার্ন। মাইকেল ওলিসে ও জামাল মুসিয়ালা বারবার আক্রমণে চাপ সৃষ্টি করলেও পিএসজির রক্ষণভাগ দৃঢ় ছিল। বিশেষ করে নুনো মেন্দেস গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে দলকে রক্ষা করেন।

ম্যাচজুড়ে রেফারিং নিয়েও বিতর্ক ছিল। কয়েকটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন বায়ার্নের খেলোয়াড়রা, বিশেষ করে সম্ভাব্য ফাউল ও হ্যান্ডবলের ঘটনায়।

শেষদিকে নাটকীয়তা বাড়ান হ্যারি কেইন। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে তিনি ম্যাচে সমতা ফেরান। তবে সেটি বায়ার্নকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। ফলে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব জয়ের স্বপ্ন আবারও অধরাই থেকে গেল কেইনের জন্য।

এখন ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য পিএসজির, অন্যদিকে দীর্ঘদিনের ইউরোপীয় খরা কাটাতে মরিয়া আর্সেনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *