১ জুন ২০২৬, সোম

টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বেঙ্গালুরু

বড় মঞ্চে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বিরাট কোহলি। তার অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
রোববার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে বেঙ্গালুরু। উদ্বোধনী জুটিতে বিরাট কোহলি ও ভেঙ্কটেশ আইয়ার মাত্র ৩.৩ ওভারে ৫০ রান যোগ করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন।

ভেঙ্কটেশ ১৬ বলে ৩২ রান করে ফিরলেও রান তোলার গতি কমেনি। দেবদত্ত পাডিক্কালও দ্রুত বিদায় নেন। তবে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৭০ রান তুলে জয়ের ভিত্তি গড়ে ফেলে আরসিবি।

মধ্যভাগে রশিদ খানের স্পিনে কিছুটা চাপে পড়ে বেঙ্গালুরু। অধিনায়ক রজত পাটিদার ১৫ এবং ক্রুনাল পান্ডিয়া মাত্র ১ রান করে আউট হন। কিন্তু অন্য প্রান্তে অবিচল ছিলেন কোহলি। মাত্র ২৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করে দলকে এগিয়ে নিতে থাকেন তিনি।

এরপর টিম ডেভিডকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন কোহলি। ডেভিড ২৪ রান করে আউট হলেও তখন জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বেঙ্গালুরুর।

ইনিংসের এক পর্যায়ে ৬৩ রানে জীবন পান কোহলি। শুভমন গিল তার ক্যাচ নিয়েছেন বলে মনে হলেও রিপ্লেতে দেখা যায়, বল মাটি স্পর্শ করেছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি।

জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন কোহলি। ১২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু।

এর আগে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। গুজরাটের দুই প্রধান ব্যাটার শুভমন গিল ও সাই সুদর্শনকে দ্রুত সাজঘরে ফিরিয়ে দেন তারা।

জশ হ্যাজলউডের বলে ১০ রান করে আউট হন শুভমন, আর ভুবনেশ্বর কুমারের বাউন্সারে ১২ রান করে ফেরেন সুদর্শন। এরপর জস বাটলার, নিশান্ত সিন্ধু ও রাহুল তেওয়াতিয়াও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
একপ্রান্তে লড়াই চালিয়ে যান ওয়াশিংটন সুন্দর। একবার জীবন পাওয়ার পর ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন তিনি। তার ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স।

বেঙ্গালুরুর হয়ে রাসিখ দার ৩টি এবং জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমার ২টি করে উইকেট শিকার করেন।

পরে কোহলির ম্যাচজয়ী ইনিংসে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। টানা দ্বিতীয়বার আইপিএল ট্রফি জিতে উল্লাসে মাতে আরসিবি শিবির।

সংক্ষিপ্ত স্কোর

গুজরাট টাইটান্স: ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫

ওয়াশিংটন সুন্দর* ৫০ (৩৭), জস বাটলার ১৯ (২৩), সাই সুদর্শন ১২, শুভমন গিল ১০।

রাসিখ দার ৩ উইকেট, জশ হ্যাজলউড ২ উইকেট, ভুবনেশ্বর কুমার ২ উইকেট।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৮ ওভারে ৫ উইকেটে ১৫৬

বিরাট কোহলি* ৭৫ (৪২), ভেঙ্কটেশ আইয়ার ৩২ (১৬), টিম ডেভিড ২৪।

মোহাম্মদ সিরাজ ১ উইকেট, কাগিসো রাবাদা ১ উইকেট, রশিদ খান ২ উইকেট।

ফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *