7 Jul 2026, Tue

টেকনাফ-সেন্ট মার্টিন নৌ চলাচল বন্ধ

বর্ষা এলেই সেন্ট মার্টিনবাসীর জীবনে নেমে আসে দুর্ভোগ। বন্ধ হয়ে যায় দ্বীপের সাথে যোগাযোগ। দেখা দেয় নানান সংকট। বৈরী আবহাওয়ায় টানা ৬ দিন ধরে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য সংকটের শঙ্কা।

গত বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত এই নৌপথে কোনো সার্ভিস ট্রলার চলাচল করেনি জানিয়ে সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, এই নৌপথে ২৬টি যাত্রীবাহী ট্রলার রয়েছে। দৈনিক রোটেশন সিস্টেমে দুই থেকে তিনটি ট্রলার চলাচল করে। আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেত বহাল থাকায় দুর্ঘটনা এড়াতে যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে।

সেন্ট মার্টিনে মূল ভূখণ্ড টেকনাফ থেকেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ সবকিছু সরবরাহ করা হয়। তাই দীর্ঘ সময় ট্রলার চলাচল বন্ধ থাকলে সেখানে খাদ্য সংকটসহ নানা সমস্যার সৃষ্টি হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার থেকে ট্রলার চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। প্রতি বছর জুন-জুলাই মাসে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এভাবে কিছু দিন চললে খাদ্য সংকট দেখা দিতে পারে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগের বিষয়ে ইউএনও বলেন, তাদের বিষয়ে কি ব্যবস্থা নেয়া যায় এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *