২৮ এপ্রি ২০২৬, মঙ্গল

ডেমরায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ব্যক্তির লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আহত আরেকজনকে ঢাকা মেডিকেলের ওয়ান–স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা পথচারী দিপু জানান, লেগুনাটি যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এতে লেগুনার পাঁচ–সাতজন যাত্রী আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *