6 Aug 2026, Thu

নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ জানায়, সরকারের চলমান জাটকা নিধনবিরোধী কর্মসূচির অংশ হিসেবে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল বাজারে অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ কেজি জাটকা জব্দ করা হয়।

তবে অভিযানের সময় জাটকা বিক্রির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ করা মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্ধারকৃত জাটকা পাশ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশ আরও জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *