12 Jul 2026, Sun

পঞ্চগড়ে টানা মৃদু শৈত্যপ্রবাহ চলছে

উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সোমবার জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

গত কয়েক দিনের আবহাওয়া তথ্য অনুযায়ী, রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। শনিবার (১৩ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

তীব্র শীতের কারণে নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছে। জীবিকার তাগিদে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে হাড়কাঁপানো শীতে চরম কষ্ট পোহাতে হচ্ছে তাদের। সেই সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও এই কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *