৭ মে ২০২৬, বৃহঃ

ফ্রিজে নাকি স্বাভাবিক তাপমাত্রায়, কোথায় ডিম রাখা নিরাপদ

ব্যস্ততার কারণে আমরা অনেক সময় ডিম ফ্রিজে রাখতে ভুলে যাই। পরে মনে হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—এগুলো কি এখনো খাওয়া যাবে? বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়, কারণ ভুলভাবে সংরক্ষণ করা ডিম স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, স্বাভাবিক তাপমাত্রায় ডিম দুই ঘণ্টার বেশি বাইরে রাখা নিরাপদ নয়। আর গরম আবহাওয়ায়, বিশেষ করে তাপমাত্রা ৩২ ডিগ্রির বেশি হলে, এক ঘণ্টার মধ্যেই ডিম নষ্ট হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

ডিমের ভেতরে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে, বিশেষ করে সালমোনেলা সংক্রমণের আশঙ্কা থাকে। গরম ও আর্দ্র পরিবেশে এই ঝুঁকি আরও বেড়ে যায়।

ডিমের খোসায় থাকা কিউটিকল নামের প্রাকৃতিক স্তর ডিমকে জীবাণুর হাত থেকে সুরক্ষা দেয়। তবে অনেক দেশে বাজারজাত করার আগে ডিম ধোয়া হয়, ফলে এই সুরক্ষাস্তর নষ্ট হয়ে যায়। এ কারণেই সেখানে ডিম ফ্রিজে রাখা বাধ্যতামূলক। বাংলাদেশের মতো গরম আবহাওয়ার দেশে ফ্রিজে সংরক্ষণ করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
ডিম ভালো আছে কি না বোঝার কয়েকটি সহজ উপায়ও রয়েছে। পানিতে দিলে ডিম ডুবে গেলে সাধারণত তা ভালো থাকে, আর ভেসে উঠলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া ভাঙার পর দুর্গন্ধ এলে বা সাদা অংশ পাতলা ও অস্বাভাবিক দেখালে সেটি না খাওয়াই ভালো।

ডিম দীর্ঘসময় ভালো রাখতে হলে যত দ্রুত সম্ভব ফ্রিজে রাখা উচিত। কার্টনের ভেতরে রাখলে আর্দ্রতা ঠিক থাকে। ব্যবহার করার আগে ডিম না ধোয়াই ভালো, কারণ এতে সুরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতিদিনের রান্নায় ডিম খুবই প্রয়োজনীয় খাবার হলেও সামান্য অসতর্কতা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই বাইরে রাখা ডিম ব্যবহারের আগে সময় ও অবস্থার দিকে খেয়াল রাখা জরুরি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *